কোটা আন্দোলন
৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আলটিমেটাম
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ডিবি হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করার কথাও জানায়।
সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ব্যানারে এই সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে মোট ১১ দফা দাবি তুলে ধরা হয়।
১১ দফার মধ্যে, প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বলপ্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুষ্ঠূ তদন্তের দাবিও রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান পরিস্থিতির মধ্যে গত শুক্র, শনি ও রোববার কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে। পরে সেখান থেকেই রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার এক ভিডিও প্রকাশ করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কেরা ভিন্নমত প্রকাশ করেন।
৩৮৯ বার পড়া হয়েছে