প্রধানমন্ত্রীর খুলনা সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আশীর্বাদ: খুলনা বিএনপি
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আশীর্বাদস্বরূপ হিসেবে বর্ণনা করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে তারা জানান, দাকোপের নলিয়ানে এই সফরের মধ্য দিয়ে উপকূলীয় অঞ্চলের সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ ও অর্থনৈতিক সংকট নিরসনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে উপকূলীয় জনপদ দাকোপের নলিয়ানে আগমন উপলক্ষে খুলনা বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁকে বিশেষ শুভেচ্ছা জানান। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই সংক্ষিপ্ত সরকারি সফরকে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, সফরটি সরাসরি জনসম্পৃক্ত না হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংকট ও সমস্যা প্রত্যক্ষ করার ক্ষেত্রে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে বিশ্বখ্যাত সুন্দরবন, মোংলা বন্দর, উপকূলীয় বেড়িবাঁধ ও অর্থনৈতিক অঞ্চলের সার্বিক চিত্রের বাস্তব প্রতিফলন ঘটেছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, সংসদ সদস্য আলী আসগার লবী, আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুসহ স্থানীয় শীর্ষ নেতারা।
১৩৩ বার পড়া হয়েছে