সর্বশেষ

সারাদেশ

চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর চাটখিলে ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁকে মারধর করে এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন সৌরভ।

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক আটটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমানপ্রবাসী।

এস কে সৌরভের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় তাঁর ভাগিনা মেহেদী হাসানের গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকের সঙ্গে মেহেদী হাসানের কথা-কাটাকাটি হয়। পরে সৌরভসহ স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

সৌরভের অভিযোগ, একপর্যায়ে মোটরসাইকেল চালক তাঁর ভাগিনার মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং মেহেদীকে মারতে উদ্যত হন। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় লোকজন তাঁদের আলাদা করে দেন। একই সঙ্গে মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলা হয়।

এস কে সৌরভ জানান, বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন। তবে ওই ব্যক্তি তাঁর ওপরও চড়াও হন এবং তাঁকে ধাক্কা দেন। এ সময় নিজেকে প্রভাবশালী দাবি করে তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন সৌরভ।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক ফোন করে তাঁর সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে এসে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে বাড়ি ফেরার পথে সৌরভের পথরোধ করেন ১৫ থেকে ২০ জনের একটি দল।

সৌরভের অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তিরা তাঁর ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

সৌরভের ভাষ্য, পরিস্থিতি শান্ত করা এবং আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলার আশ্বাস দিলেও হামলাকারীরা তাঁকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যান। পরে তাঁর চাচাতো ভাই আবির তাঁকে নিজের দোকানের ভেতরে নিয়ে বসিয়ে রাখেন। তবে হামলাকারীরা আবারও তাঁর ওপর হামলার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্য, পরিচিতজন ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি তাঁদের হাত থেকে রক্ষা পান।

ঘটনার পর সৌরভ বাড়ির পেছনের এলাকার একটি ডিসপেনসারিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং ওষুধ সংগ্রহ করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে জানান।

এস কে সৌরভের অভিযোগ, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তাঁদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন সৌরভ। এতে ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাওয়ার কথা জানান তিনি।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০