সাটুরিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় ২ জনের ৩ লাখ টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি বা টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকসে অভিযান চালিয়ে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর এলাকার মো. শরিফুল ইসলাম (৩২) এবং বালিয়াডাঙ্গা এলাকার জাহিদুল ইসলাম (২১)। সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নে কৃষিজমির উর্বর উপরিভাগ কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের জরিমানার আদেশ দেন।
অভিযান পরিচালনা শেষে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম জানান, জমির টপসয়েল হলো ফসলের প্রাণ। এটি কেটে নিলে স্বাভাবিক উর্বরতা ধ্বংস হয়, যা ফিরে পেতে বহু বছর লেগে যায়। অসাধু মাটি ব্যবসায়ীদের কারণে স্থানীয় কৃষি খাত মারাত্মক হুমকির মুখে পড়ছে। কৃষি জমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অবৈধ তৎপরতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
১৪২ বার পড়া হয়েছে