বাংলাদেশে প্রথম দুর্গাপূজা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজা উদ্যাপনের পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি পূজার সাজসজ্জা, নৃত্যশিল্পীদের পরিবেশনা এবং স্থানীয় মানুষের আত্মীয়তা ও আপ্যায়নের প্রশংসা করেন।
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজা দেখতে এসে এখানকার আয়োজন, সাজসজ্জা এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। এমন কোথাও যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং আত্মীয়তা-আপ্যায়ন—সবকিছু দেখে মুগ্ধ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ।’
আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের আগে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের পানাম নগরী, রূপগঞ্জের জামদানি পল্লি এবং নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। এ সময় তিনি বোস কেবিনে চা পান করেন এবং আড্ডায় অংশ নেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতারা।
১৬৯ বার পড়া হয়েছে