পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা: ভক্তদের উপচে পড়া ভিড়
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। দেবীর আসনে অধিষ্ঠিত ছয় বছরের শিশু দিয়া তলাপাত্রকে ‘উমা’ রূপে বন্দনা করেন ভক্তরা। ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে সকাল থেকেই সেবাশ্রমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
সোমবার সকালে শাস্ত্রীয় রীতি ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রামকৃষ্ণ সেবাশ্রমে তৃতীয়বারের মতো আয়োজিত এই কুমারী পূজায় ‘উমা’ রূপী কুমারীকে স্নান করিয়ে লাল শাড়ি, গহনা, পায়ে আলতা ও ফুলের মালায় দেবীরূপে সুসজ্জিত করা হয়।
হাতে পদ্মফুল নিয়ে কুমারী পূজার আসনে বসলে ভক্ত ও পূজারিরা পরম শ্রদ্ধায় দেবীশক্তির উদ্দেশ্যে স্তোত্রপাঠ ও আরতি নিবেদন করেন। নারীর মধ্যে পরমার্থ দর্শন ও পূজনীয় ভাবকে জাগ্রত করতেই দুর্গাপূজায় এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সেবাশ্রম পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মলয় চাকী, অচিন্ত কুমার ঘোষসহ সদস্য অলোক পাল, নয়ন কুমার সাহা, রতন সেন, প্রীতিশ কুমার কুণ্ডু ও অরূপ কুমার সাহা উপস্থিত ছিলেন। দুর্গোৎসবের অন্যতম আকর্ষণীয় এই পূজাকে ঘিরে সমগ্র সেবাশ্রম প্রাঙ্গণে দিনভর এক ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে।
১৬৪ বার পড়া হয়েছে