কাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি এবং এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি কার্যকর হবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম। একই সময়ে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজার ছুটি সামনে রেখে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। ছুটির আগে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সরাসরি সম্পৃক্ত থাকায় একই সময়ে ডিএসই ও সিএসইতে লেনদেন বন্ধ থাকবে। ছুটি শেষে নির্ধারিত কর্মদিবসে ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।
তবে পূজার ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ছুটির সমন্বয় করতে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
১২৭ বার পড়া হয়েছে