জামালপুরে সম্প্রীতির পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে সোহেল রানা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানান তিনি।
জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খান প্রতিদিন ৮ থেকে ১০টি পূজা মণ্ডপ ঘুরে সার্বিক নিরাপত্তার খোঁজখবর নিচ্ছেন। পরিদর্শনের পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন আর্থিক অনুদান।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে যুবদল নেতা সোহেল রানা খান বলেন, সম্প্রীতির বাংলাদেশ গঠনের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য যুবদল ও বিএনপির টিম সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, একটি সমৃদ্ধ, আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সন্ত্রাস-মাদক মুক্ত জামালপুর পৌরসভা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। আনন্দঘন পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন পূজার আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে পরিবেশ সৃষ্টিতে দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ।
মণ্ডপ পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল হক মানিক, যুবদল নেতা মো. রতন, মো. ইমরানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৬৩ বার পড়া হয়েছে