নড়াইলে সার ডিলার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের শেখহাটি ইউনিয়নে সার ডিলারশিপ পাওয়াকে কেন্দ্র করে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভূক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতারা সার বরাদ্দের স্বচ্ছতা দাবি করেন এবং কুচক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন।
রবিবার সকালে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেসার্স লামিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. রাফিউল খান। লিখিত বক্তব্যে তিনি জানান, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তিনি সারের ডিলারশিপ অর্জন করেছেন।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভুল তথ্য ছড়াচ্ছে। তার বাবা দীর্ঘদিন ধরে ওয়ার্ড বিএনপির দায়িত্বে থাকলেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য দলের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে একাত্মতা জানিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার অলিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, রাফিউল খানের পরিবার দীর্ঘদিনের পরিচিত বিএনপি পরিবার এবং ডিলারশিপ প্রাপ্তিতে কোনো অনিয়ম হয়নি। কৃষকদের ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
১৬৮ বার পড়া হয়েছে