সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ঐতিহাসিক লালন স্মরণোৎসব

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন উৎসব। 'মানুষ ভজলে সোনার মানুষ হবি'—এই আধ্যাত্মিক বাণীর সুবাস ছড়িয়ে দেশ-বিদেশের হাজারও ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় এখন মুখরিত কালি নদীর তীর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি আয়োজিত এই স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একাডেমির মূল মঞ্চে আয়োজিত বিশেষ আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন হাসান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক প্রফেসর ড. রশিদুন্নবী। এ ছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

আলোচনা পর্ব শেষে একাডেমির শিল্পীবৃন্দ ও দেশের খ্যাতনামা লালন শিল্পীরা গভীর রাত পর্যন্ত সাঁইজির আধ্যাত্মিক গান পরিবেশন করেন। আখড়াবাড়ির খণ্ড খণ্ড আস্তানায় এখন সাধু-বাউলদের সুরের মুর্চ্ছনায় এক মহতী মিলনমেলা গড়ে উঠেছে।

এদিকে উৎসব কেন্দ্র করে কালি নদীর তীর ঘেঁষে বসেছে বিশাল লালন মেলা। অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ারসহ বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ঐতিহাসিক এই লালন স্মরণোৎসবের সমাপ্তি ঘটবে আগামী সোমবার রাতে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০