দৌলতপুরে সরকারি সার পাচারের চেষ্টা: সাব-ডিলারকে জরিমানা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় পাচারের সময় স্থানীয় জনতা একটি ভ্যান আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় অভিযুক্ত সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়ক দিয়ে সরকারি বরাদ্দের ১১ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের এক ব্যক্তির কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার নিয়ে যাওয়ার পথেই সন্দেহ জাগে স্থানীয় কৃষকদের। তারা তাৎক্ষণিকভাবে সারবোঝাই ভ্যানটি আটকে দেন এবং বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে দৌলতপুর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে সার কালোবাজারি ও অবৈধ স্থানান্তরের অপরাধে ‘দীপু ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ও নিয়োজিত সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা ও সার বণ্টন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে। জব্দকৃত ১১ বস্তা সার বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রয়েছে এবং পরবর্তীতে তা প্রকৃত কৃষকদের মধ্যে বিধি মোতাবেক বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
১৫৫ বার পড়া হয়েছে