চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
কালেক্টরেট চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সিদ্দিকা সোহেল রশিদ।
আলোচনা সভায় বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সাদাছড়ির সঠিক ব্যবহার এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা রক্ষা ও জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
১৭৯ বার পড়া হয়েছে