বাঁচতে চায় ৫ বছরের শিশু ফাতেমা: প্রয়োজন ১০ লাখ টাকা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচ বছরের শিশু ফাতেমা জন্মগত বৃহদান্ত্রের জটিলতা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শেষ ধাপের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন হলেও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব পরিবারটি এখন দিশেহারা। অবুঝ শিশু ফাতেমার চিকিৎসায় সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা-মা।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে ফাতেমা। জন্মের মাত্র সাতদিনের মাথায় তার শরীরে বৃহদন্ত্রের গুরুতর জটিলতা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং কয়েক দফায় অস্ত্রোপচারের মাধ্যমে পেটে বিকল্প মলত্যাগের পথ তৈরি করা হয়।
অল্প বয়সে একাধিক জটিল অস্ত্রোপচারের কারণে মস্তিষ্কে তীব্র চাপ সৃষ্টি হয়। ফলে শিশুটি বর্তমানে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধিতায় ভুগছে। দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি তাদের বসতভিটা ও সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসাবাবদ এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ফাতেমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চূড়ান্ত আরেকটি অস্ত্রোপচার জরুরি। তবে এর জন্য প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। গত এক বছর ধরে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় তার চিকিৎসা পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে যন্ত্রণাদায়ক দিন কাটাচ্ছে অবুঝ শিশুটি।
বিষয়টি নিয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানান, পরিবারটির পক্ষ থেকে লিখিত আবেদন করা হলে সরকারের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেয়েকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তার মা নাসিমা আক্তার ও বাবা। ফাতেমাকে সাহায্য পাঠাতে পারেন- মো. মমতাজ আলী শেখ, হিসাব নম্বর: ৩৩০৭৬০১০২৩৯৮৫, সোনালী ব্যাংক, গফরগাঁও শাখা, ময়মনসিংহ। বিকাশ নম্বর: ০১৩৫৪২০০১৬৭ (পার্সোনাল)।
১৭৬ বার পড়া হয়েছে