খাগড়াছড়িতে পূজামণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিকের আর্থিক অনুদান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৫:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে সার্বজনীন ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক। শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটির পক্ষ থেকে ৪টি মন্দিরের পূজা উদযাপন কমিটির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির মধুপুরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা উপস্থিত থেকে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে অমর জ্যোতি চাকমা জানান, পাহাড়ে সুন্দর ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে তাঁদের এই প্রয়াস নতুন নয়। প্রতি বছরই সব ধর্মের উৎসব ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি পাশে থাকে। শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং দুর্যোগকালে মানবিক সহায়তা প্রদানে তাঁদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তারা পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। পূজামণ্ডপের নেতৃবৃন্দ এ ধরনের সহায়তার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৫২ বার পড়া হয়েছে