নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্বামী আটক
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে আব্দুল মান্নান মনির নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুফিয়া আক্তার নিশি। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত চারটার দিকে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১৮৭৬ বার পড়া হয়েছে