মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার তৎপরতা ও অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়। জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতার সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়ার ওপর এতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের অভিজ্ঞ দল অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা প্রদান, ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং সড়ক ও নৌদুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে প্রাণরক্ষাকারী বিভিন্ন কৌশল প্রদর্শন করে। একই সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস করার কার্যকর উপায়সমূহ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, যেকোনো দুর্ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। এতে প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। এ সময় জরুরি সহায়তার জন্য সংস্থাটির হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়।
চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।” বক্তারা সমন্বিত প্রচেষ্টা ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির ওপর জোর তাগিদ দেন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মবিনুর রহমান এবং প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৩১১ বার পড়া হয়েছে