কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতামূলক মহড়া
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ আহমদ উসমানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
বক্তারা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, জরুরি সেবাদানকারী সংস্থার সহায়তা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে উপস্থিত ব্যক্তিদের দুর্যোগকালীন প্রস্তুতি ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের মূল লক্ষ্য হলো দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা।
১৫১ বার পড়া হয়েছে