জামালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন। এ ছাড়া ইজ্জতুন নেসা উচ্চ বিদ্যালয়ে বিশেষ মহড়াও প্রদর্শন করা হয়।
মঙ্গলবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও ফজলে এলাহী মাকামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে আতঙ্কিত না হয়ে সহনশীলতা প্রদর্শন করতে হবে। প্রশিক্ষণ ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে সাহসিকতার সাথে সংকট মোকাবিলা করে একটি দুর্যোগ-সহনশীল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। পরবর্তীতে স্থানীয় ইজ্জতুন নেসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অগ্নি দুর্ঘটনা ও দুর্যোগকালীন উদ্ধারবিষয়ক একটি বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়।
১৬৫ বার পড়া হয়েছে