পাবনায় ফুটবল খেলা কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৮, পুলিশের ফাঁকা গুলি
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন মহল্লার বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় অন্তত ১৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বনানী সংঘের উদ্যোগে বেড়া পৌরসভার ১০টি ওয়ার্ড নিয়ে স্থানীয় বিপিন বিহারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। রোববারের সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সাওদাগরপাড়া ও স্যান্নানপাড়া।
খেলা চলাকালীন নির্ধারিত সময়ের শেষ দিকে দুই দল ২-২ গোলে সমতায় ছিল। ঠিক সেই মুহূর্তে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে টুর্নামেন্টের আয়োজক বনগ্রামপাড়ার বাসিন্দারা জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিকেল থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা মধ্যরাত পর্যন্ত বজায় থাকে। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মিলন মাহমুদ জানান, সংঘর্ষের ঘটনায় ১৮ জন চিকিৎসা নিচ্ছেন। তবে এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ জানায়নি বলে জানিয়েছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১৪৫ বার পড়া হয়েছে