জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, তরুণ নিহত
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত তরুণের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহির ওয়াসিফ মিতুল রবিবার রাতে মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম পেট্রল পাম্পের সামনে পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মিতুলের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিতুল প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭৩৬ বার পড়া হয়েছে