সুন্দরবনে ফাঁদ ও জালসহ ৬ হরিণ শিকারি গ্রেফতার
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল ও হরিণ শিকারের ফাঁদসহ ৬ চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার বিকেলে চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদী খালী খাল এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়। বন্যপ্রাণী রক্ষায় উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের চিলা ও জয়মনি এলাকার বাসিন্দা হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ এবং নাহিদ শেখ। বনের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে তাঁরা হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।
গোপন খবরের ভিত্তিতে চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বন রক্ষীদের একটি দল হলদী খালী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বনের রক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঘেরাও করে তাঁদের আটক করা হয়।
অভিযানকালে শিকারিদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত সব সরঞ্জাম বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দিপন চন্দ্র জানান, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থান বজায় রেখেছে। আটক ৬ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে নিয়মিত মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৬৪২ বার পড়া হয়েছে