বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মরণসভা
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে এক আবেগঘন স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে নেওয়া নানামুখী কর্মসূচির কথা তুলে ধরা হয়।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের আয়োজনে এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করছে। এই মানবিক উদ্যোগ সফল করতে এবং নতুন বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতে অনেক আহত জুলাই যোদ্ধা যথাযথ গেজেটভুক্ত হওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকারের সময় রাজনৈতিক পক্ষপাতহীনভাবে প্রকৃত বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও উন্নত চিকিৎসা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার। বাদ পড়া আহতদের পুনরায় আবেদনের জন্য বিশেষ সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী তাঁর বক্তব্যে আন্দোলনে আহতদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া স্মরণসভায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ প্রশাসনের অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
১০৬ বার পড়া হয়েছে