ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর ফুটবলারের
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিনহা শেখ (১৬) নামের এক কিশোর ফুটবলার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবনাতলা এলাকায় ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায় চালক সিনহা শেখ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যান চালক।
নিহত সিনহা শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার শাহদাৎ শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সিনহা একজন প্রতিভাবান কিশোর ফুটবলার ছিল। স্থানীয় পর্যায়ের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে সে পরিচিতি অর্জন করেছিল। ফুটবলের প্রতি ভালোবাসা থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় খেলতে যেত সে। তার এমন অকালমৃত্যুতে স্বজন, পরিচিতজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি শনাক্ত করা এবং এর চালককে আটক করার চেষ্টা চলছে।
১১০ বার পড়া হয়েছে