উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি এই হামলাকারীদের রাষ্ট্র ও জনগণের শত্রু হিসেবে আখ্যায়িত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে রামেবি উপাচার্যের কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে সসম্মানে তাঁর আসনে বসিয়ে দেন ভূমিমন্ত্রী। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন এবং একটি চা-চক্রে অংশ নেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, অপরাধীদের কোনো দল বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে মিজানুর রহমান মিনু বলেন, একজন বিশিষ্ট শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজশাহীতে কোনো মব কালচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রসঙ্গ টেনে ভূমিমন্ত্রী আরও জানান, রামেবির চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতালের অনুমোদন পাওয়া গেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এছাড়া সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে