সর্বশেষ

সারাদেশ

নাটোরে চুরি হওয়া ম্যাকবুক উদ্ধারে রাজশাহীতে জার্মান পর্যটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারের আশায় রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁর চুরি যাওয়া মালামালের সন্ধান পায়নি পুলিশ। তবে ল্যাপটপের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), গোয়েন্দা পুলিশ (ডিবি), র‍্যাব ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করছে।

নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা করতে গিয়ে কখনো রাজশাহীর রেলগেট এলাকা, আবার কখনো রাজশাহী মহিলা কলেজের আশপাশে এর অবস্থান পাওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হলেও তল্লাশি চালিয়ে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’

ক্রিল ল্যান্ডার জানান, চুরি হওয়া ল্যাপটপে তাঁর গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত রয়েছে। গত কয়েক ঘণ্টায় ল্যাপটপটির নির্ভরযোগ্য অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মালামাল ফিরে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর। উদ্ধার তৎপরতায় পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি। তাঁর পাসপোর্ট ও মুঠোফোন নিরাপদে রয়েছে।

যেভাবে চুরি হয় ল্যাপটপ ও ক্যামেরা
ক্রিল ল্যান্ডারের ভাষ্য অনুযায়ী, বুধবার বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। ভুল করে নাটোরে নেমে পড়েন। পরে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় নিজের ব্যাগ এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। টাকা তুলে ফিরে এসে তিনি ওই ব্যক্তি ও নিজের ব্যাগ—কোনোটিরই সন্ধান পাননি।

ব্যাগে তাঁর ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঘটনার পর নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি উদ্ধার তৎপরতা শুরু করে। ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা করতে গিয়ে প্রথমে রাজশাহী রেলগেট এলাকায় এর অবস্থান দেখা যায়। পরে বুধবার রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে পৌঁছালে ল্যাপটপটির অবস্থান রাজশাহী মহিলা কলেজের আশপাশে পাওয়া যায়।

এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও তত্ত্বাবধায়কদেরও বিষয়টি জানানো হয়। চুরি হওয়া ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল। পরে ট্রেন দুটিতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান মেলেনি।

তিনি বলেন, ‘এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তাঁর জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’

পুলিশ জানায়, ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় এর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে। ছবিটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

এদিকে বুধবার রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে ক্রিল ল্যান্ডারের থাকার ব্যবস্থা করে পুলিশ। তাঁকে খাবারও সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০