সর্বশেষ

সারাদেশ

সিলেটে বিয়ের পর ভারতে স্ত্রী পাচারকালে উদ্ধার, স্বামীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, সিলেট (গোয়াইনঘাট)
স্টাফ রিপোর্টার, সিলেট (গোয়াইনঘাট)

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে ভারতে পাচারের আগে স্বামীর হাত থেকে স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, বিয়ের মাত্র তিন মাসের মাথায় ওই তরুণীকে ভারতের পাচারকারীদের কাছে বিক্রি করে দেন তাঁর স্বামী। সোমবার রাতে জাফলংয়ের বল্লাঘাট এলাকার একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের বল্লাঘাট এলাকার প্রজাপতি রিসোর্টে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে গোয়াইনঘাট থানা-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও উদ্ধার হওয়া নারীর স্বামী আশিকুর রহমান, একই উপজেলার নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আবদুল করিমের ছেলে সাগর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে আওলাতলী গ্রামের আশিকুর রহমান বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে ভারতে পাচারের পরিকল্পনা করেন। একপর্যায়ে ভারতের পাচারকারীদের কাছে স্ত্রীকে বিক্রি করে দেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী ভ্রমণের কথা বলে স্ত্রীকে নিয়ে জাফলংয়ে যান আশিকুর। পরে বল্লাঘাটের প্রজাপতি রিসোর্টে ওঠেন তাঁরা। কিছুক্ষণ পর আশিকুরের তিন বন্ধুও একই রিসোর্টে ওঠেন।

পুলিশ জানায়, রিসোর্টে পাচার নিয়ে আশিকুর ও তাঁর বন্ধুদের গোপন কথাবার্তা শুনে ফেলেন ওই তরুণী। পরে কৌশলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানে পাচারের শিকার হতে যাওয়া ওই গৃহবধূকে উদ্ধার এবং আশিকুরসহ চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় উদ্ধার হওয়া ভুক্তভোগী খুকি আক্তার মীম বাদী হয়ে সোমবার রাতেই গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের শিকার হতে যাওয়া এক নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০