উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ: ‘মব’ সংস্কৃতির তীব্র নিন্দা যুবদল নেতার
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ও এক সেকশন অফিসারকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তিনি এই ঘটনার প্রতিবাদ জানান এবং একে ‘পরিকল্পিত মব’ বলে অভিহিত করেন।
মঙ্গলবার সকালে একদল ব্যক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে উপাচার্য ও একজন সেকশন অফিসারকে জোরপূর্বক পদত্যাগপত্র সই করতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানার পরপরই সাংবাদিকদের সঙ্গে নিয়ে সেখানে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
ঘটনাস্থলে ‘আপামর ছাত্র-জনতা’ ব্যানার টাঙানো থাকলেও সেখানে উপস্থিত ব্যক্তিরা প্রকৃত শিক্ষার্থী কিংবা যুবদলের কেউ ছিলেন না বলে জানান শরিফুল ইসলাম জনি। তিনি বলেন, জনগণের সরকারের সময়ে কোনো মবতন্ত্র, দখলবাজি কিংবা জোরজবরদস্তির কোনো সুযোগ নেই। বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদল এ ধরনের কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।
যুবদল নেতা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ বা অপসারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের নির্দিষ্ট আইনি নিয়ম রয়েছে। কোনো ধরনের বলপ্রয়োগ বা জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আইনের শাসনের পরিপন্থী এবং বর্তমান সরকার সাম্য ও মানবিকতায় বিশ্বাসী।
৩০২ বার পড়া হয়েছে