গোপালগঞ্জে কিস্তি ও সংসার খরচের চাপে যুবকের গলা কেটে আত্মহত্যার চেষ্টা
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এনজিওর ঋণের কিস্তি এবং সংসারের খরচ মেটাতে না পেরে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঋণের বোঝার কারণে সৃষ্ট মানসিক অবসাদ থেকেই তিনি এই চরম পথ বেছে নেন বলে জানা গেছে।
লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লোহারঙ্ক গ্রামে। আহত যুবকের নাম মাসুদ দাঁড়িয়া (৩৭)। তিনি ওই গ্রামের আবু বক্কর দাড়িয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের কিস্তি পরিশোধ এবং পরিবারের নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন।
স্বজনরা জানান, উপার্জন কম হওয়ায় একদিকে ঋণের তাগাদা এবং অন্যদিকে সংসারের ব্যয়ভার মেটানো—কোনোটিই মাসুদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এ নিয়ে তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন এবং ‘মরে যাবেন’ বলে স্বজনদের কাছে আশঙ্কা প্রকাশ করছিলেন। তবে পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নেবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল কুমার জানান, মাসুদের শ্বাসনালি ও গলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে, কোটালীপাড়া থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযোগ বা তথ্য পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
১০৭ বার পড়া হয়েছে