সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের ৭৮১ মণ্ডপে সিসিটিভি ও সাদা পোশাকে পুলিশ, সাইবার নজরদারি

সাইদা আক্তার ইমা, ফরিদপুর
সাইদা আক্তার ইমা, ফরিদপুর

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ফরিদপুরের ৭৮১টি পূজামণ্ডপে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং স্বেচ্ছাসেবক মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় এই নিরাপত্তা নির্দেশনাবলী ঘোষণা করা হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মণ্ডপগুলোর নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

সভায় জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপে পোশাকধারী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা চালু রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে মন্দিরগুলোর নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসবের দিনগুলোতে মাগরিব ও এশার নামাজের সময় উচ্চস্বরে ঢাক-ঢোল বা বাদ্যযন্ত্র না বাজানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক পোস্ট প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা ফরিদপুর পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে লোডশেডিং কমানো ও যানজট নিয়ন্ত্রণে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এবার ফরিদপুর জেলায় মোট ৭৮১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০