জামালপুরে শুরু হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ‘এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬। বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে কোমলমতি শিশুদের শৈশব থেকেই সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনে ব্রতী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, জেলা স্কাউটসের সম্পাদক শফিউর রহমান শফী এবং সদর উপজেলা স্কাউটসের কমিশনার নজরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে উপজেলার মোট ৫১টি বিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে ৫১ জন শিক্ষক এবং সার্বিক ব্যবস্থাপনায় ৫০ জন স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এই আয়োজনে যুক্ত রয়েছেন।
১৬০ বার পড়া হয়েছে