মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, ১১ দালাল আটক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের গভীর সমুদ্রে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে ৬৫ জন ভুক্তভোগী এবং ১১ জন মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে নৌবাহিনী।
বুধবার দিবাগত রাতে নৌবাহিনীর টহল জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি কাঠের বোট দেখতে পায় মাছ ধরার ট্রলার ‘এফভি ক্রিস্টাল-১’। বোটটির কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে সহায়তার পাশাপাশি বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বোটটি উদ্ধার করে। এ সময় বোটে পানি ঢুকতে শুরু করলে নৌসদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৬৫ জন ভুক্তভোগীর অধিকাংশই জানান, মানব পাচারকারী চক্রের মাধ্যমে তাঁদের অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে নৌযানে তোলা হয়।
বোটে পানি ঢুকে পড়ায় তাঁদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছিল। নৌবাহিনীর দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আটক ১১ জন পাচারকারী এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৯৮ বার পড়া হয়েছে