জয়পুরহাটে যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত ৩ মাস মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা ৪০ জন শিক্ষার্থীর মাঝে এই সনদ বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার দুপুরে জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।
সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য বিষয়ের সিনিয়র প্রশিক্ষক কাজী সৈয়দ তৌমুর কবীর, সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আলী রাজন এবং কৃষি বিষয়ের সহকারী প্রশিক্ষক মো. শামীম রেজা। উপস্থিত ছিলেন প্রাথমিক চিকিৎসা বিষয়ের প্রশিক্ষক গোলাপ চৌধুরী এবং যুব কার্যক্রমের সিডিও শামীম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে পরিচালিত এই প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন এলাকার মোট ৪০ জন তরুণ-তরুণী অংশ নেন। দীর্ঘ তিন মাস ধরে তাঁদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং আধুনিক কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের মাধ্যমে সফলদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হলো।
১২৬ বার পড়া হয়েছে