মুন্সীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জে জোরদার প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় নির্মাণাধীন প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবায় অবস্থিত মানিক পালের প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তাঁর সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারখানায় নির্মাণাধীন ২২টি প্রতিমা ঘুরে দেখেন এবং শিল্পীদের সঙ্গে কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারির পাশাপাশি থাকবে বিশেষ টহল দল।
মুন্সীগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্যকে সমুন্নত রেখে এবারের শারদীয় দুর্গোৎসব সকলের অংশগ্রহণে আনন্দময় পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
১৯৫ বার পড়া হয়েছে