গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মেসি দিবস উদযাপিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ফার্মেসি দিবস পালিত হয়েছে। ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও সেমিনারের মাধ্যমে দিবসটি উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
“স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মো. আতাউর রহমান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গোলাম মোর্শেদ মোল্লা এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খোসরুল আলম।
ড. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। সেমিনারে বক্তারা স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ফার্মাসিস্টদের গুরুত্ব ও ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
১১৭ বার পড়া হয়েছে