গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সোমবার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ২০টি নৌকা অংশ নেয়। মনোরম এই নৌকা বাইচ দেখতে খালের দুই পাড়ে ঢল নেমেছিল হাজারো উৎসবমুখর মানুষের।
কাশিয়ানী উপজেলার আড়পাড়া খালের দুই কিলোমিটার এলাকা জুড়ে এই রোমাঞ্চকর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী বরিশাল ও মাদারীপুর জেলা থেকে আসা বিভিন্ন ধরনের ২০টি ঐতিহ্যবাহী নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা ও বাচারী নৌকা অন্যতম। কাঁসর ও বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার ঝাপটায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্য উপভোগ করতে দুপুর থেকেই খালের দুই পাড়ে জমায়েত হতে থাকেন হাজার হাজার দর্শনার্থী। সব বয়সী নারী-পুরুষের করতালি ও হর্ষধ্বনিতে পুরো নদীপাড় এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই আয়োজন গ্রামীণ জনপদে বয়ে এনেছে অনাবিল আনন্দ।
প্রতিযোগিতা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকউজ্জামান।
আড়পাড়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শেখ সেলিমুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২০ বার পড়া হয়েছে