বিএনপি জনগণের ও জনবান্ধব দল: প্রতিমন্ত্রী টুকু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি সবসময়ই জনগণের পাশে থাকা একটি জনবান্ধব রাজনৈতিক দল। তিনি বিগত সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অতীতে যখনই বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্বে এসেছে, দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থেকেছে।
বিগত আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত শাসন আমলে দেশে চরম ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। গুম, খুন ও আলেম-ওলামাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তবে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই অত্যাচারী শাসকগোষ্ঠীকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।
তিনি সতর্ক করে বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু দেশের সচেতন জনগণ আর কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা হবে।
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের চরাঞ্চলের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চরাঞ্চল সমৃদ্ধ হলেই পুরো বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। অনুষ্ঠান শেষে চরাঞ্চলের ২৫ জন খামারির মাঝে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়।
১২৯ বার পড়া হয়েছে