বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি মেঘলা পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে আবার জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদের সভাকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
আলোচনা সভায় বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন, জেলা পরিষদের সদস্য, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পাহাড়, ঝরনা, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বান্দরবান দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন জেলা। প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক বান্দরবানে ভ্রমণে আসেন।
তারা বলেন, পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়ন করা প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলোর প্রচার, তথ্যপ্রাপ্তি ও পর্যটকসেবা আরও সহজ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে।
পর্যটনের উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্ব দেন তারা। পর্যটনকেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বান্দরবানের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এতে পর্যটকদের সেবার মান বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।
১০৮ বার পড়া হয়েছে