অসহায় নারীর জীবিকার জন্য ছাগল দিল বন্ধু কল্যাণ সংস্থা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বাগাতিপাড়ায় অসহায় এক নারীর জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দিতে প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল দিয়েছে বন্ধু কল্যাণ সংস্থা (বিকেএস)। শনিবার সকালে উপজেলার নুরপুর চকপাড়া গ্রামে মইমা নামের ওই নারীর হাতে ছাগলটি তুলে দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের নুরপুর চকপাড়া গ্রামে এ সহায়তা দেওয়া হয়।
বন্ধু কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় নারী মইমাকে প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ছাগল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি তৌফিকুল ইসলাম পল্লব, উপদেষ্টা হায়দার রশীদ সোনা এবং সদস্য মাহতাব উদ্দিন ও শিখা বেগম।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি আব্দুল মজিদ বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের উন্নয়ন এবং নারী নির্যাতন ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা বন্ধু কল্যাণ সংস্থার নিয়মিত কর্মসূচির অংশ। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে তাঁরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে চান।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, বন্ধু কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, একটি ছাগল হয়তো খুব বড় কোনো সহায়তা মনে নাও হতে পারে। তবে একজন অসহায় মানুষের জন্য এটি আত্মনির্ভরশীল হয়ে ওঠার গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ায়।
হাফিজুর রহমান আশা প্রকাশ করেন, বন্ধু কল্যাণ সংস্থা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাঁদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
১০৬ বার পড়া হয়েছে