বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের উপস্থিতিতে মশক নিধনের মাধ্যমে এই সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উদ্যোগে প্রকৌশল ভবন ও সংলগ্ন এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে নিজেদের চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে কোনো স্থানে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও শাখাকেও এই প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রকৌশল শাখার ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুহা. এনামুল হকের সভাপতিত্বে এবং উপ-প্রধান প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।
বক্তারা ডেঙ্গু জ্বরের লক্ষণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং মশা নিধনের নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, চীফ মেডিকেল অফিসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
১৭৬ বার পড়া হয়েছে