সৌদির পাইপলাইন চালু, আরও কমল বিশ্ববাজারে তেলের দাম
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনে কমেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের দাম।
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা আরও জোরালো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ৮৯ দশমিক ০১ ডলারে নেমেছে।
এ নিয়ে টানা ষষ্ঠ সেশনে অপরিশোধিত তেলের দাম কমল। ফলে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আন্তর্জাতিক বাজারের তেলের দাম।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ধ্বংসের হুমকি দিলেও তাঁর প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানানো হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকের পর প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে বাজারে আশাবাদ তৈরি হয়। এর প্রভাবে মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১০০ ডলারের নিচে নেমে আসে।
ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার কারণে গত ১১ সেপ্টেম্বর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করতে বাধ্য হয়েছিল। হরমুজ প্রণালি এড়িয়ে বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ, অর্থাৎ দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পাঠানোর সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। মঙ্গলবার এটি পুনরায় চালু করা হয়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
এর পাশাপাশি ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, দেশটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। তুরস্কের মাধ্যমে এই রপ্তানি দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে।
এদিকে ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল বেড়েছে। দেশটিতে তেলের মজুত বৃদ্ধিও জ্বালানি বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ আরও বাড়িয়েছে।
১২৬ বার পড়া হয়েছে