জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি অধিবেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব নাজমুল হক জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’ দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনস্থলে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
সাধারণ পরিষদের মিলনায়তনে সদস্যরাষ্ট্রগুলোর আসন ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে। সে অনুযায়ী ‘বি’ আদ্যক্ষরের বাংলাদেশ প্রতিনিধিদল প্রথম সারিতে আসন পেয়েছে।
অধিবেশনস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মিলনায়তনে প্রবেশ করে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন জানান। পরে নির্ধারিত আসনে বসেন তিনি।
এরপর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ২ জুন অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৯৯ ভোট পেয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান।
অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
এবারের সাধারণ পরিষদের অধিবেশনে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে।
আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটি হবে তাঁর প্রথম ভাষণ।
জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্কে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্যে বিশ্ব শান্তি, শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরার কথা রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে