দুর্নীতির সুযোগ নেই, কঠোর মনিটরিং নিশ্চিত হবে: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা সফরে এসে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ সুপার এবং সিভিল সার্জনসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নজরদারির নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, সরকারি কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না এবং প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দিয়ে মন্ত্রী মাদক, জুয়া, চোরাচালান ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দেন। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং ওয়ার্ড পর্যায়ে হেলথ ওয়েলবিং হাব গড়ে তোলার কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি ডেঙ্গু ও হাম প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ইনটেন্সিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নেরও নির্দেশনা দেওয়া হয়।
১১৮ বার পড়া হয়েছে