তৃতীয় দেশে ২৫ হাজারের বেশি অভিবাসী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিক নন—এমন ২৫ হাজার ৪৪৭ জনের বেশি অভিবাসীকে তৃতীয় ২৮টি দেশে পাঠিয়েছে। এসব দেশের সঙ্গে অভিবাসীদের কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না বলে এক অনুসন্ধানে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র ২৫ হাজারেরও বেশি অভিবাসীকে এমন তৃতীয় দেশে পাঠিয়েছে, যেসব দেশের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে অনুসন্ধানের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
অনুসন্ধানে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর নিজ দেশের বাইরে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে ৩৫টি দেশের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। তবে এসব চুক্তির বিস্তারিত তথ্যের বড় একটি অংশ প্রকাশ করা হয়নি।
অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করে অনুসন্ধানকারীরা জানিয়েছেন, গত ৩১ আগস্ট পর্যন্ত অন্তত ২৫ হাজার ৪৪৭ জনকে এমন ২৮টি দেশে পাঠানো হয়েছে।
১৫টি দেশের ২৬টি সংবাদমাধ্যমের ৭২ জন সাংবাদিকের একটি কনসোর্টিয়াম এই অনুসন্ধান পরিচালনা করে। এ সময় শতাধিক মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের পাওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় দেশগুলোর সঙ্গে এসব চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্র অন্তত ৪১০ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে। এর মধ্যে চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোর সরকারকে ৮১ মিলিয়ন ডলার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে ১৭৮ মিলিয়ন ডলারের বেশি এবং জাতিসংঘের শরণার্থী সংস্থাকে ১২৩ মিলিয়ন ডলারের বেশি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসব চুক্তির মধ্যস্থতা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘অফিস অব রিমাইগ্রেশন’ নামের একটি বিভাগ।
অনুসন্ধানের বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যেসব দেশের সরকার নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে অথবা যেসব অভিবাসী নিজ দেশে ফিরতে চাননি, কেবল তাঁদেরই তৃতীয় দেশে পাঠানো হয়েছে।
তবে অভিবাসীদের যথেষ্ট সময়ের নোটিশ না দেওয়া এবং সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত তৃতীয় দেশে অভিবাসীদের ডিপোর্ট করার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন।
১৩১ বার পড়া হয়েছে