মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্দীদের খোঁজ-খবর নেন এবং কারা প্রাঙ্গণে একটি কদবেল গাছের চারা রোপণ করেন। বন্দীদের পুনর্বাসন ও মানবিক সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে যান নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। কারাগারের সার্বিক কার্যক্রম ও শৃঙ্খলা খতিয়ে দেখতে এই পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেল সুপার মোঃ জান্নাত-উল-ফারহাদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিনসহ কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কারাগারের অভ্যন্তরে বিভিন্ন ওয়ার্ড ও সুযোগ-সুবিধা ঘুরে দেখার সময় জেলা প্রশাসক বন্দীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের নানাবিধ সুযোগ-সুবিধা ও সমস্যার খোঁজ নেন। পরে তিনি কারা প্রাঙ্গণে একটি কদবেল বৃক্ষরোপণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বন্দীদের জন্য মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাজা বা সংশোধন শেষে তারা যেন সমাজে ফিরে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনযাপন করতে পারেন, সেজন্য পুনর্বাসন প্রক্রিয়ার ওপর জোর দিতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
১২৯ বার পড়া হয়েছে