রাফিনহার হ্যাটট্রিকে বার্সার টানা সপ্তম জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানানোর একদিন পরই মাঠে নেমে মৌসুমে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন রাফিনহা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। এই জয়ে লিগে টানা সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় পেল কাতালান ক্লাবটি।
শনিবার রাতে রামন সানচেজ-পিসহুয়ান স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে শুরুটা অবশ্য ভালো হয়নি বার্সেলোনার। ম্যাচের ১৯ মিনিটে ফেলিক্স কোরেইয়ার ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইউসুফ ফোফানা।
তবে তিন মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। ভেতরের দিকে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে সেভিয়ার গোলরক্ষক ওদিসেয়াস ভ্লাখোদিমোসকে পরাস্ত করেন রাফিনহা।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫২ মিনিটে কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে লামিনে ইয়ামালের বাড়ানো ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা।
এরপর ৬৯ মিনিটে আবারও রাফিনহার গোলের সুযোগ তৈরি করে দেন ইয়ামাল। সতীর্থের অসাধারণ পাস পেয়ে কৌশলে বলটি সেভিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। এতে পূর্ণ হয় তাঁর হ্যাটট্রিক।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে রাফিনহার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। এর আগে গত বুধবার রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সেলোনার ৭-২ গোলের জয়ে তিনটি গোল করেছিলেন তিনি। অর্থাৎ টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন এই ব্রাজিলিয়ান তারকা।
সেভিয়াকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এবং তৃতীয় স্থানে থাকা রিয়াল বেটিসের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে তারা। তবে বার্সেলোনা একটি ম্যাচ বেশি খেলেছে।
রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। একই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে খেলবে রিয়াল বেটিস।
হারলেও ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পঞ্চম স্থানে রয়েছে সেভিয়া।
১০৫ বার পড়া হয়েছে