মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই ইজেকশন সিটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট। দুর্ঘটনায় মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া এফ-১৬ যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি ইউনিটের অন্তর্ভুক্ত ছিল।
টেক্সাসের ওই ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, যুদ্ধবিমানটি মাটিতে বিধ্বস্ত হলেও এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, তা জানতে তদন্ত শুরু করবে মার্কিন বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করবে।
এয়ার ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি রিজার্ভ শাখা। দেশটির অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সহায়তা করা এই বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দুর্ঘটনার পর মিশিগানের সিনেটর গ্যারি পিটার্স জানান, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।
১০৭ বার পড়া হয়েছে