সর্বশেষ

জাতীয়

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ১৩তম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের ২০২৪-২০২৫ মেয়াদের ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শান্তিনগরে সমিতির নিজস্ব ‘কুষ্টিয়া ভবনে’ আয়োজিত সভায় আসন্ন বার্ষিক সাধারণ সভা, শিক্ষাবৃত্তি, সদস্যদের পরিচয়পত্র এবং ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মো. শেখ সাদীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন

সভায় দেশের আবাসন খাত ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে গ্রিসের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় সমিতির সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান ড. মো. শেখ সাদীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ ছাড়া সমিতির যুগ্ম সাংগঠনিক সচিব অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম হাইকোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় তাকেও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

পরে কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ড. মো. শেখ সাদী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সচিব মহিবুল্লা সায়েম। স্বাগত বক্তব্য দেন এবং সভা সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মোহা. আবুল হোসেন।

সভায় আগের অর্থাৎ ১২তম নির্বাহী পরিষদ সভার কার্যবিবরণী পাঠ, সংশোধন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে জুলাই ও আগস্ট ২০২৬ মাসের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

আসন্ন বার্ষিক সাধারণ সভা আয়োজন নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। আগামী নভেম্বরে এজিএম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহসভাপতি সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ বাবুকে সদস্যসচিব করে একটি মূল উপকমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে এ কমিটি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকমিটি গঠন করবে।

এজিএমে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়। সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

সদস্যদের জন্য নতুন পরিচয়পত্র তৈরি এবং সমিতির অফিসিয়াল ওয়েবসাইট চালুর বিষয়েও আলোচনা করা হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে সাংগঠনিক সচিব শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ)কে আহ্বায়ক এবং নির্বাহী সদস্য মুন্সী তরিকুল ইসলামকে সদস্যসচিব করে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া নির্বাহী পরিষদের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এ.বি.এম কামারুল ইসলামকে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুহুল আমিন ও মো. সামসুল আলম।

সভায় এজিএম, নির্বাচন ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতি, সম্ভাব্য বাজেট এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতি ড. মো. শেখ সাদী ও মহাসচিব মোহা. আবুল হোসেন সময়মতো সভায় উপস্থিত থেকে কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এ বছর এজিএম, শিক্ষাবৃত্তি ও নির্বাচনসহ সমিতির বিভিন্ন কর্মসূচি বৃহৎ পরিসরে আয়োজন করা সম্ভব হবে।

সভায় বক্তব্য দেন সনজিত কুমার বিশ্বাস, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, রাশিদুল হাসান, ইকবাল মহসীন, অ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু, মুন্সী তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম লায়জু, আবু বকর সিদ্দীক, শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ), মীর রফিকুল আলম মঞ্জু, তারিকুল হক তারিক, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, কামরুল হাসান সুজন, মিজানুর রহমান, জাকিরুল ইসলাম ও দেওয়ান পলাশসহ সমিতির নেতৃবৃন্দ।

সভায় বিশেষ বক্তব্য দেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। তিনি বলেন, দীর্ঘ সময় একটি মহল সংগঠনকে নিয়ন্ত্রণ করে রেখেছিল বলে অনেকেই সমিতির কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাননি। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে।

নতুন কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতা বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মূল ভিত্তি। ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি কুষ্টিয়াবাসীর কল্যাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০