রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার ৭ গোল
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে লা লিগায় রেসিং সানটান্ডারকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে বড় জয় তুলে নেয় কাতালান ক্লাবটি।
প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানোর ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি বড় জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে লা লিগার নবাগত দল রেসিং সানটান্ডারকে ৭-২ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, করেন হ্যাটট্রিক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। অষ্টম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন জোয়াও কানসেলো। ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
৩০তম মিনিটে রেসিং সানটান্ডারের মিডফিল্ডার গেয়ি একটি গোল শোধ করেন। তবে ছয় মিনিট পর অ্যাসিয়ার ভিল্লালিবেরের আত্মঘাতী গোলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি করে বার্সা।
প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে দানি ওলমোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ফলে ৪-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি গোল করে ব্যবধান ৪-২ করেন। তবে এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি অতিথিরা। মাত্র দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে এটি তাঁর ১১তম গোল।
৭২তম মিনিটে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বল জালে পাঠিয়েছিলেন লামিনে ইয়ামাল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ৭৯তম মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। লা লিগায় বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল পেতে বেশি সময় নেননি তিনি। ইয়ামালের থ্রু পাস ধরে প্রথম স্পর্শেই বাঁকানো শটে বল জালে পাঠান সাবেক আর্সেনাল স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে গোলের দেখা পান ইয়ামালও। ৮৯তম মিনিটে মাঝমাঠ থেকে দ্রুত এগিয়ে এসে ডি-বক্সে ঢুকে সতীর্থের কাটব্যাক থেকে জোরালো শটে বার্সেলোনার সপ্তম গোলটি করেন তিনি।
এই গোলের মাধ্যমে লা লিগায় টানা চতুর্থ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে গোল পেলেন ইয়ামাল। লা লিগায় তাঁর গোলসংখ্যা এখন সাত।
চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের দুর্দান্ত ছন্দও ফুটে উঠেছে পরিসংখ্যানে। সাত ম্যাচের পাঁচটিতেই অন্তত পাঁচ গোল করেছে তারা। সব মিলিয়ে এই সাত ম্যাচে বার্সেলোনা করেছে ৩৩ গোল, বিপরীতে হজম করেছে মাত্র সাতটি।
লা লিগায় ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লিগে তৃতীয় হারের পর সাত পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে রেসিং সানটান্ডার।
১২৯ বার পড়া হয়েছে