রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজপাড়া থানার বহরমপুর শেষমাথা এলাকায় একদল দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দেয়। টের পেয়ে আসামিরা স্থানীয় সালমান নামের এক যুবকের বাড়ির ছাদে গিয়ে আত্মগোপন করে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ছাদ ঘেরাও করে তাদের আটক করে।
আটককৃতদের দেহ তল্লাশি করে একাধিক ধারালো অস্ত্র ও মাদক জব্দ করা হয়। এর মধ্যে সালমানের কাছ থেকে একটি ১৫ ইঞ্চি লম্বা লোহার চাকু এবং বাঁধনের কাছ থেকে ২৮ ইঞ্চির একটি হাসুয়া উদ্ধার করা হয়। এছাড়া বিদ্যুৎ ও আবদুর রহিমের কাছে থাকা ২৪ ও ১৯ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি চেইন রিং গিয়ার এবং নাঈমের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালমান (২৩), বাঁধন ওরফে নূর (২৪), বিদ্যুৎ (২১), আবদুর রহিম (২২) এবং নাঈম আহম্মেদ (২৪)। তাদের মধ্যে সালমানের বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া বিদ্যুতের বিরুদ্ধেও দুটি জিআর মামলা চলমান। অভিযানের সময় আলামিনসহ আরও ৩-৪ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
১৬৮ বার পড়া হয়েছে