পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৪
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে শুরু হওয়া এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পঞ্চগড়ে বিএনপির সংঘর্ষের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের অনুসারীদের মধ্যে প্রথম উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
দিনের বেলার সেই ক্ষোভের জেরে রোববার রাত ১০টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড় এলাকায় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গভীর রাত পর্যন্ত চলা এই ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
এদিকে সংঘর্ষের জেরে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে